মাননীয় সভাপতির বাণী

President

ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় আমার জীবনের মানবকল্যাণমুখী কর্মযজ্ঞের মধ্যে একটি অন্যতম কর্মতীর্থ। আমার জীবনের প্রেরণাদাতা ও পরম অভিভাবক মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের ও পরমারাধ্য গুরুদেব ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের’র অনুগামী হয়ে সমাজ, সদ্ধর্মের কল্যাণে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মাধ্যমে যদি ন্যুনতম অবদান রাখতে সক্ষম হই তাহলে নিজেকে সার্থক বলে মনে করবো। বন্ধুর চলার পথ পরিক্রমায় অনেকের সহায়তা ও পরামর্শ আমার কর্মচাঞ্চল্যে অনুঘটকের কাজ করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের ও গুরুদেব ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অসাম্প্রাদায়িক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ১৯৭২ সালে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের যশ-খ্যাতি পরিব্যাপ্ত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে, ইহা অত্যন্ত আনন্দের, পরিতৃপ্তির ও গৌরবের।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশের চারণভূমি হলো বিদ্যালয়। বিদ্যালয়ের বার্ষিক সাময়িকীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ভাবনাগুলো পরিস্ফুটিত করার সুযোগ পায়। বিদ্যালয়ের সাময়িকী হলো ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে অবগাহনের অনুষঙ্গ। আমার বিশ্বাস এ ধরণের সুন্দর প্রয়াস শিক্ষার্থীদের অনুপ্রাণীত করবে এবং আগামী প্রজন্মকে সম্ভাবনাময় করে তুলবে।

বিদ্যালয়ের বার্ষির্কী ‘দ্যুতিময় ধর্মরাজিক’ প্রকাশে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সম্পাদনা পরিষদ, শিক্ষার্থী, অভিভাবক এবং যাঁরা সর্বোতভাবে সহায়তা দিয়েছেন, যাঁরা মূল্যবান বাণী দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

জগতের সকল প্রাণী সুখী হোক

ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের
সভাপতি
ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়