বৃত্তিদাতার নামঃ মি. পি. আর. বড়ুয়া
মি. পি আর বড়ুয়া ১৯৪৩ সালের ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিয়া থানাধীন মুকুট নাইট গ্রামে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম উপেন্দ্র লাল বড়ুয়া এবং মাতার নাম রাজবালা বড়ুয়া। তিনি ১৯৬০ সালে স্থানীয় হাবিলাসদ্বিপ হাই স্কুল হতে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সাইকোলজি নিয়ে এমএসসি পাস করেন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি পদে পুলিশ বিভাগে যোগদান করেন১৯৭৩ সালে । সুনামের সাথে দীর্ঘদিন চাকুরী করার পর ২০০৩ সালে ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। চাকুরী জীবনে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কাতার, ব্যাংকক, দুবাই এবং মহাচীনে, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। অবসর নেওয়ার পর তিনি বৌদ্ধদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন ২০০৪ সালে। সেই থেকে আজ অবধি তিনি প্রচার সংঘের সাথে যুক্ত থেকে সমাজসেবায় নিয়োজিত আছেন। তিনি একজন সুলেখক। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘে যোগদান করার পর তিনি ইংরেজিতে ৭৫ এর অধিক আর্টিকেল লিখেছেন। তিনি চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া তাইওয়ান, নেপাল, ভারত, শ্রীলংকা, মিয়ানমার, ভূটান, ফিলিপাইন সহ ২৫ টি দেশ ভ্রমণ করেছেন।
দেশেও তিনি বিভিন্ন সংগঠনের সাথে সম্প্রীতি করে দেশ ও জনগণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য। এছাড়াও তিনি ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিতে সাংগঠনিক সচিব হিসেবে নিয়োজিত আছেন। তিনি ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে তাঁর সুস্থ ও দীর্ঘ নিরাময় জীবন কামনা করা হচ্ছে।